...|...|...

সারাদেশ

বেতন-ভাতা না পেয়ে সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৬
Shares
বেতন-ভাতা না পেয়ে সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি

বেতন-ভাতা না পেয়ে সেবা বন্ধের হুঁশিয়ারি। ছবি: টাইমস টুডে

দুই মাসের বেতন-ভাতা না পাওয়ার অভিযোগে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন সদর হাসপাতালের কর্মচারী সুভাষ দাশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। একই সঙ্গে বেতন-ভাতার ফাইলে স্বাক্ষর না হলে মঙ্গলবার থেকে হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাফতরিক কার্যক্রম ব্যাহত হয়। এ ঘটনায় কার্যালয়ের ভেতরে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ হয়ে পড়ার অভিযোগও উঠেছে।

কার্যালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, সকালে তারা নিজ নিজ কক্ষে দাফতরিক কাজ করছিলেন। এ সময় সুভাষ দাশের নেতৃত্বে সদর হাসপাতালের একদল কর্মচারী কার্যালয়ের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন। কয়েকজন নারী কর্মচারী তালা খুলে দেওয়ার অনুরোধ জানালে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন তারা।

এদিকে, কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার বিষয়ে জানতে চাইলে সংবাদকর্মীদের সঙ্গেও সুভাষ দাশ অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আন্দোলনের নেতৃত্বদানকারী সুভাষ দাশ বলেন, গত দুই মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এ বিষয়ে সহকারী সিভিল সার্জনকে একাধিকবার জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। সামনে তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বেতন ও বোনাস না পেলে পরিবার নিয়ে উৎসব উদযাপন করা কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, সোমবারের মধ্যে সব কর্মচারীর বেতনের ফাইলে স্বাক্ষর না হলে মঙ্গলবার থেকে হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক দিলীপ কুমার দেবনাথ বলেন, সিভিল সার্জনের যোগদান ও দাফতরিক জটিলতার কারণে কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।