...|...|...

সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, সকাল ৮:২৭
Shares
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। ছবি: নিজস্ব

মহান মুক্তিযুদ্ধে সম্মুখযুদ্ধে বীরত্বের সাথে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মারা গেছেন।

রবিবার (১১ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

আব্দুস সাত্তার রাজশাহী নগরীর শাহ মখদুম আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। ১৯৩৮ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম মৃত নয়ন মোল্লা মণ্ডল।

১৯৬০ সালে দিনাজপুর জেলায় পুলিশ কনস্টেবল পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন আব্দুস সাত্তার। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে তিনি দিনাজপুর পুলিশ লাইনে হাবিলদার পদে কর্মরত ছিলেন। ওই সময়ের পর স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে অসহযোগ আন্দোলনে যোগ দেন তিনি। পরে তৎকালীন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) আবুল হাশেমের নেতৃত্বে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধে অংশ নেন।

তার সাহসী ভূমিকার কারণে পাকিস্তানি সেনারা সৈয়দপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। ফলে ১১ এপ্রিল পর্যন্ত দিনাজপুর শহর শত্রুমুক্ত ছিল।

পরবর্তী সময়ে ২৩ এপ্রিল ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলায় যান আব্দুস সাত্তার। সেখানে তিনি মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরে যোগ দেন। এই সেক্টরের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান। আর লালগোলা সাব-সেক্টরের কমান্ডারের দায়িত্বে ছিলেন মেজর গিয়াস আহমেদ চৌধুরী।

মুক্তিযুদ্ধের সময় অভয়া ব্রিজ অপারেশন, মহিষ কুড়ি অপারেশন, চর আলাতুলি ও দেবীনগর অপারেশন এবং নবাবগঞ্জের ১০০ ঘাটার যুদ্ধসহ একাধিক সম্মুখযুদ্ধে বীরত্বের সাথে অংশ নেন তিনি।

দেশ স্বাধীন হওয়ার পর আব্দুস সাত্তার আবারও নিজ কর্মস্থলে যোগ দেন। পরবর্তী সময়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে টি.এস.আই পদে কর্মরত ছিলেন। পরে অবসর গ্রহণ করেন তিনি।

তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।