খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তা জোরদারে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা পুলিশ। বিশেষ অভিযান কিংবা নিয়মিত দায়িত্ব পালনের সময় কোনো সদস্য যাতে একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুক্ষের স্বাক্ষরে জারি করা এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বর্তমানে বিশেষ অভিযান চলছে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটায় দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ কারণে রাতের বেলায় অভিযান পরিচালনা বা অন্য কোনো দায়িত্ব পালনের সময় সদস্যদের একা চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইউনিটপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা পুলিশের বিভিন্ন শাখা ও সংশ্লিষ্ট দফতরে আদেশটির অনুলিপি পাঠানো হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপারদের বিভিন্ন বিভাগ, সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস ও কোর্ট পুলিশ রয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ওই কর্মকর্তা সাদা পোশাকে ছিলেন। এ ঘটনার পর পুলিশ সদস্যদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে হামলার শিকার হন ৪৩ বছর বয়সী পুলিশ পরিদর্শক শাহ আলম। ছিনতাইকারীদের চাপাতির কোপে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়েছে।


