কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খান। তাকে সামনে রেখেই নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে দলটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে তার প্রার্থিতার বিষয়টি সামনে আসে। পরে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হকও বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘হ্যাঁ, জিহাদ ভাই-ই প্রার্থী থাকবেন। আমরা এখন তাকে নিয়েই এগোচ্ছি, ইনশাআল্লাহ। আগামীকাল ঢাকায় প্রোগ্রাম আছে। সেখান থেকে আরও নির্দেশনা আসবে, ইনশাআল্লাহ।’
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জিহাদ খান। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের কাছে ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। নির্বাচনে জিহাদ খান পেয়েছিলেন ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জিহাদ খান জামায়াতের সাবেক সংসদ সদস্য ও মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি মরহুমা হাফেজা আসমা খাতুনের ভাগ্নে। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক। দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত জিহাদ খান ১৯৮৮ সালে দলটির রোকন হন। বর্তমানে তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য।
পেশাগতভাবে হৃদরোগ বিশেষজ্ঞ জিহাদ খান বর্তমানে ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে ২৫ নভেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ২০২৭ সালের ১০ জানুয়ারি এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর করিমগঞ্জ ও তাড়াইলের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন নির্বাচনী তৎপরতা।

