...|...|...

জাতীয়

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, বিকেল ৫:১২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:০৩
Shares
ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার।

শুক্রবার (২১ আগস্ট) সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত দুদিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে যে পর্যায়ে রয়েছে, সেখান থেকে পরিবর্তন আনা প্রয়োজন। শিক্ষাকে বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের সাথে সম্পৃক্ত করতে হবে। একই সাথে দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনা শেষ করে দেশ ও দেশের বাইরে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, সে জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি। উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান বজায় রাখতে ক্রেডিট ট্রান্সফারসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম ভিত্তি। তাই পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক ও সুশাসিত প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্য, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপে উচ্চশিক্ষায় প্রযুক্তিগত পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, শিক্ষার গুণগত মান, জবাবদিহি এবং বৈশ্বিক প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।