...|...|...

জাতীয়

আজকের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৫২
Shares
আজকের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজি খালাসে সাময়িক সমস্যা তৈরি হলেও শুক্রবার সকাল থেকে আবারও কার্যক্রম শুরু হয়েছে। ফলে শুক্রবার বিকেলের মধ্যেই দেশের গ্যাস সরবরাহ ও চাপ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যশোরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যশোরের স্থানীয় গ্যাস পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এ জেলায় কোনো সিএনজি স্টেশন নেই। বাসাবাড়িতেও আবাসিক গ্যাস সংযোগ নেই। একইভাবে খুলনা বিভাগের কোথাও বড় ধরনের গ্যাসভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান বা বিদ্যুৎকেন্দ্র নেই। ফলে বর্তমান পরিস্থিতিতে এ অঞ্চলে গ্যাস সরবরাহের ঘাটতির সরাসরি প্রভাব পড়ার সুযোগ কম।

দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, বঙ্গোপসাগরে থাকা দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে আমদানিকৃত এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার একটি জাহাজ থেকে নির্ধারিত সময়ে এলএনজি খালাস করা সম্ভব হয়নি। এর ফলে সাময়িকভাবে গ্যাসের চাপ কমে যায়।

তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে আবার এলএনজি খালাসের কাজ শুরু হয়েছে। এর ফলে বিকেলের মধ্যেই দেশের সার্বিক গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান প্রতিমন্ত্রী।

জ্বালানি তেলের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা কমে পরিস্থিতি স্থিতিশীল হলে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয়ের সুযোগ তৈরি হবে। বিশ্ববাজারে দাম কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুত দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে। তবে এ মুহূর্তে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় যশোর জেনারেল হাসপাতালের অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসাসেবার মান বাড়ানোর বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীর জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। হৃদরোগের চিকিৎসার জন্য যাতে জেলার রোগীদের অন্যত্র যেতে না হয়, সে লক্ষ্যেই সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নিসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।