...|...|...

বিশ্ব

ইউক্রেনের সবচেয়ে বড় ইস্পাত কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৮
Shares
ইউক্রেনের সবচেয়ে বড় ইস্পাত কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ছবি: সংগৃহীত

ধারাবাহিক ও তীব্র ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইউক্রেনের বৃহত্তম ইস্পাত কারখানায় উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছে বহুজাতিক ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান আর্সেলরমিত্তাল। রাশিয়ার তীব্র বিমান হামলার কারণে দেশটির অর্থনীতিতে এটি সর্বশেষ বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) লুক্সেমবার্গভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত পাঁচ সপ্তাহে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এই কারখানায় চার দফা হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে ‘নিরাপদ ও টেকসই’ কার্যক্রম পরিচালনা করা আর সম্ভব নয় মর্মে তারা ইউক্রেন সরকারকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

ইউক্রেনের ইস্পাত খাতের জন্য এই কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়া আরেকটি বড় বিপর্যয়।

রয়টার্সের তথ্যমতে, দেশটির অন্যতম প্রধান এই শিল্প খাতটি মোট রপ্তানির ১৫ শতাংশ পূরণ করে থাকে। তবে রুশ বাহিনীর লাগাতার হামলা এবং প্রধান বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন বাধানিষেধের কারণে খাতটি বর্তমানে চরম চাপের মুখে রয়েছে।

প্রতিষ্ঠানটির স্থানীয় সহযোগী সংস্থার প্রধান নির্বাহী মাউরো লঙ্গোবার্দো এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করে বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আরসেলরমিত্তাল ক্রিভি রিহ কারখানাটি আর নিরাপদে পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব নয়।