হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বাড়তে থাকলেও ইরানের সাথে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অ্যারিজোনার বুলহেড সিটিতে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ওয়াশিংটন। তাঁর দাবি, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।
ট্রাম্প বলেন, ইরানের প্রথম সারির নেতাদের পর দ্বিতীয় ও তৃতীয় সারির নেতারাও হামলার শিকার হয়েছেন। ইরানের পক্ষ থেকে আর হামলা না চালানোর প্রতিশ্রুতি চাওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের সাথে আলোচনা প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্র ঠিক কাদের সাথে আলোচনা বা মোকাবিলা করছে, তা বোঝা কঠিন হয়ে পড়েছে।
এদিকে, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ট্রাম্প। তবে সংঘাত শেষ হলেই দাম দ্রুত কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাঁর ভাষ্য, জ্বালানির দাম বাড়বে বলে ধারণা করলেও তা এতটা বাড়বে, এমনটা ভাবেননি।


