...|...|...

অন্যান্য

আসছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সবচেয়ে ভালো দেখতে পাবেন যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, রাত ১২:০০ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, রাত ৮:০২
Shares
আসছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সবচেয়ে ভালো দেখতে পাবেন যারা

ছবি: সংগৃহীত

মহাকাশপ্রেমীদের জন্য আসছে এক বিরল দৃশ্য। চলতি মাসের শুরুতে সূর্যগ্রহণের পর এবার পৃথিবীর ছায়ায় ঢেকে যেতে চলেছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। আগামী বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের মধ্যে ঘটবে এই মহাজাগতিক ঘটনা।

জানা গেছে, এবারের চন্দ্রগ্রহণে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর ছায়ার আড়ালে চলে যাবে। উত্তর ও দক্ষিণ আমেরিকার বাসিন্দারা সবচেয়ে ভালোভাবে এই দৃশ্য উপভোগ করতে পারবেন।

মহাকাশ বিজ্ঞানীদের মতে, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সাধারণত জোড়ায় জোড়ায় ঘটে। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে একে অপরের ওপর ছায়া ফেলে। চাঁদ সূর্যের তুলনায় ৪০০ গুণ ছোট হলেও পৃথিবীর কাছাকাছি অবস্থানের কারণে আকাশে দুটিকে প্রায় একই আকারের দেখা যায়।

এই চন্দ্রগ্রহণটি হবে দীর্ঘস্থায়ী। আবহাওয়া অনুকূলে থাকলে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কয়েকশো কোটি মানুষ এর কোনো না কোনো অংশ দেখতে পারবেন।

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার প্রায় ১০০ কোটি মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত গ্রহণটি দেখার সুযোগ পাবেন। তবে ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু এলাকায় চাঁদ অস্ত যাওয়ার কারণে পুরো দৃশ্য দেখা নাও যেতে পারে।

পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করবে, তখন চাঁদের গায়ে লালচে-কমলা আভা দেখা যাবে। শতভাগ পূর্ণগ্রাস না হওয়ায় একে পুরোপুরি ‘ব্লাড মুন’ বলা না গেলেও সাধারণ আংশিক গ্রহণের তুলনায় এর দৃশ্য হবে অনেক বেশি আকর্ষণীয়।

বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহণের পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগবে। শুধু পৃথিবী থেকেই নয়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ও চীনের কক্ষপথ গবেষণা কেন্দ্রে থাকা নভোচারীরাও এই দৃশ্য দেখার সুযোগ পাবেন।

এর পরবর্তী পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর। আর উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০২৯ সাল পর্যন্ত।

সূত্র: এপি