দীর্ঘ প্রায় আট বছর পর আবারও ভোটের উৎসবে মেতেছেন দেশের চা শ্রমিকেরা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলায় অবস্থিত ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সকালে মৌলভীবাজারের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন চা শ্রমিকরা।
চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে দীর্ঘ আট বছর পর এবার আবার ভোটের মাঠে ফিরেছেন চা শ্রমিকরা।
নির্বাচন কমিশনের কার্যালয় থেকে জানা গেছে, এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পঙ্কজ কন্দ ও সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। সাধারণ সম্পাদক পদে লড়ছেন শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের পরেশ কালিন্দি, হবিগঞ্জের চুনারুঘাটের চানপুর চা বাগানের নিপেন পাল এবং হবিগঞ্জের আমু চা বাগানের মুকেশ কর্মকার।
সভাপতি প্যানেলে চারজন থাকবেন। তারা হলেন— সভাপতি, কার্যকরী সভাপতি, সংরক্ষিত মহিলা সহসভাপতি ও সাধারণ সহসভাপতি। সম্পাদক প্যানেলে থাকবেন সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, মহিলা সম্পাদক ও অর্থ সম্পাদক।
কেন্দ্রীয় কমিটির সাথে সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য যুক্ত হবেন। সব মিলিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা হবে ৩০ জন। কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি সাতটি ভ্যালি ও বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।
সাতটি ভ্যালির মধ্যে সিলেট, চট্টগ্রাম, লস্করপুর ও লংলা ভ্যালিতে তিনটি করে এবং জুড়ী, বালিশিরা ও মনু-ধলাই ভ্যালিতে দুটি করে প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এ ছাড়া ২৩০টি বাগান ও পঞ্চায়েত এলাকায় দুই থেকে পাঁচটি পর্যন্ত প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলভেদে কমিটির সদস্যসংখ্যাও ভিন্ন। কোথাও ১১, কোথাও ১৩, আবার কোথাও ১৫ সদস্যের কমিটি রয়েছে।
নির্বাচন সংশ্লিষ্টদের হিসাবে, সব মিলিয়ে ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে প্রার্থী, ভোটার, বাগান কর্তৃপক্ষ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করি। এসময় তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


