...|...|...

বিশ্ব

আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ব্যারিস্টার ইফতিখার গিলানি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:৫৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:০৯
Shares
আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ব্যারিস্টার ইফতিখার গিলানি

ছবি: সংগৃহীত

পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)- এর ব্যারিস্টার ইফতিখার গিলানি। 

শুক্রবার (২৮ আগস্ট) আঞ্চলিক আইনসভায় ৩০ ভোট পেয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।

পাকিস্তানের ডন পত্রিকার তথ্য অনুযায়ী, গিলানি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র প্রার্থী সরদার মোক্তার আহমেদ আব্বাসিকে পরাজিত করেছেন, যিনি ১৪টি ভোট পেয়েছিলেন।

উল্লেখ্য, তিনি পিপিপি নেতা রাজা ফয়সাল মুমতাজ রাঠোরের স্থলাভিষিক্ত হলেন, যিনি ২০২৫ সালের নভেম্বর থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে, অনাস্থা ভোটের মাধ্যমে তার পূর্বসূরি চৌধুরী আনোয়ারুল হককে অপসারণ করার পর রাঠোর ক্ষমতা গ্রহণ করেছিলেন।

৫৩ সদস্যবিশিষ্ট আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) আইনসভায় বর্তমানে ৪৬ জন সদস্য রয়েছেন, কারণ পুঞ্চ ও সুধনটি জেলার সাতটি আসনের নির্বাচন এখনও অনুষ্ঠিত হয়নি। শুক্রবারের ভোটাভুটিতে মোট ৪৪ জন আইনপ্রণেতা অংশ নেন।

মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্সে দেওয়া এক পোস্টে পিএমএল-এন জানিয়েছে যে গিলানির এই নির্বাচন আজাদ কাশ্মীরের জন্য উন্নয়নের এক নতুন যুগের সূচনা করেছে।

এর আগে, নিরাপত্তার শঙ্কা ও অস্থিরতার কারণে গত ২৭ জুলাই নির্ধারিত আঞ্চলিক নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। ২৭ জুলাই, ২ আগস্ট এবং ১০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, তবে সাতটি কনস্টিটিউয়েন্সি বা নির্বাচনী এলাকার ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল।

ডনের প্রতিবেদন অনুযায়ী, সরাসরি নির্বাচিত ৩৮টি আসনের মধ্যে পিএমএল-এন এ পর্যন্ত ২৫টিতে জয়লাভ করেছে এবং পিপিপি জিতেছে ১২টিতে।