...|...|...

খেলা

অভিষেকে গোল্ডেন ডাক, রবিন একদিন কিংবদন্তি হবে বিশ্বাস তামিমের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩২
Shares
অভিষেকে গোল্ডেন ডাক, রবিন একদিন কিংবদন্তি হবে বিশ্বাস তামিমের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা স্মরণীয় হলো না বাংলাদেশের ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেক ম্যাচের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন তিনি। তবে কেন অভিষেকেই দলের সেরা পেসার কাগিসো রাবাদার প্রথম বল মোকাবিলা করতে হয়েছিল রবিনকে, সেই ব্যাখ্যা দিয়েছেন সতীর্থ তানজিদ হাসান তামিম।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, প্রথম বল খেলার সিদ্ধান্তটি রবিনের নিজেরই ছিল। অভিষেক ম্যাচে নিজেই স্ট্রাইক নিতে চেয়েছিলেন এই তরুণ ওপেনার। তার স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করেই সেই সুযোগ দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘কাল ওর সাথে আমার কথা হচ্ছিল স্ট্রাইকে কে যাবে, আমি নাকি সে তা নিয়ে। ও আমাকে বলেছিল- ও স্ট্রাইক করতে চায় ওর অভিষেক ম্যাচে। সে কারণেই ওকে স্ট্রাইক দেওয়া। সাধারণত আমিই করি। ওর স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই ওকে স্ট্রাইক দেওয়া হয়েছিল।’

টেস্ট অভিষেকেই প্রথম বল মোকাবিলা করে শূন্য রানে আউট হওয়া ব্যাটারদের তালিকায় চতুর্থ নাম রবিনের। তবে অভিষেকে শূন্য রানে আউট হওয়া মানেই যে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া নয়, তার উদাহরণ বিশ্ব ক্রিকেটে কম নেই। মারভান আতাপাত্তু, ক্রিস গেইল ও সাঈদ আনোয়ারের মতো তারকারাও টেস্ট অভিষেকে রানের খাতা খুলতে পারেননি। ওয়ানডেতে শচীন টেন্ডুলকারও নিজের প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন।

রবিনের এই ব্যর্থতাকে স্বাভাবিকভাবেই দেখছেন তামিম। তার বিশ্বাস, অভিষেকের এই হতাশা কাটিয়ে একদিন বড় মাপের ক্রিকেটার হয়ে উঠবেন রবিন। এ বিষয়ে তামিম বলেন, ‘এটা আসলে হতেই পারে। এটা ক্রিকেটের অংশ। যত বড় ক্রিকেটার আছে, তাদের অনেকেও অভিষেকে শূন্য রানে আউট হয়েছে। এখান থেকে সে কিংবদন্তি হবে ইনশাআল্লাহ।’