আওয়ামী লীগ অবরোধ কর্মসূচির ঘোষণা দিলেও তাদের নেতাকর্মীরা রাজপথে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলেও সাধারণ মানুষ তা প্রতিরোধ করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, ‘অবরোধের ডাক দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী বাহিনী আজ লাপাত্তা।’ তার অভিযোগ, শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। তবে সাধারণ মানুষ এসব তৎপরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী সমমনা জোটের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনে জোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগের মতো ভবিষ্যতেও রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে জোটের নেতারা রাজপথে সক্রিয় থাকবে।
মানববন্ধনে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। জনগণের সমর্থন সরকারের সাথে রয়েছে। তাই আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে ।
জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান বলেন, ‘এই সরকারের সাথে অতীতে আন্দোলন সংগ্রামে ছিলাম, আছি, থাকবো।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি সাইদ আহম্মেদ, ডিএলের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস এবং জাগপার সভাপতি জাকির হোসেন রিয়াজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন এনডিপির মহাসচিব জামিল আহম্মেদ, গণদলের মহাসচিব আবু সৈয়দ, মুসলিম লীগের মহাসচিব রেজওয়ান মর্তুজা, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মহাসচিব শাহিন আলম এবং এনপিপির মহাসচিব জহির হোসেনসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।


