...|...|...

বিশ্ব

অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে বিশ্বজুড়ে ইসরায়েলের গোয়েন্দা নজরদারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ৮:৩১
Shares
অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে বিশ্বজুড়ে ইসরায়েলের গোয়েন্দা নজরদারি

ছবি: সংগৃহীত

অনলাইনে বিজ্ঞাপনের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী থেকে শুরু করে শীর্ষ আন্তর্জাতিক সংস্থাগুলোর ডিভাইসে আড়িপাতা ও নজরদারির চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই সাইবার নজরদারিতে সহায়তা করেছে ইসরায়েলের ডিজিটাল বিজ্ঞাপন সংস্থা ‘ডিসকভার-টেক’।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্বখ্যাত দুই সাইবার নিরাপত্তা সংস্থা—কানাডাভিত্তিক ‘সিটিজেন ল্যাব’ এবং নিউ ইয়র্কের ‘কনফিয়েন্ট’-এর গবেষণার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ডিসকভার-টেক মূলত গুগল, কমকাস্ট ও রাশিয়ার ইয়ানডেক্সের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ব্যবহার করত। ফোন কিংবা ইয়ারপডের মতো সাধারণ পণ্যের ভুয়া বিজ্ঞাপনের আড়ালে তারা ১ লাখ ২০ হাজারের বেশি ওয়েবসাইট ও ৭৫ হাজার অ্যাপে স্পাইওয়্যার ছড়িয়ে দিত।

কেবল কোনো ওয়েবসাইটে বিজ্ঞাপনটি লোড হলেই ব্যবহারকারীর ডিভাইসে ইসরায়েলি স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘ক্যান্ডিরু’র ক্ষতিকর কোড প্রবেশ করত। এমনকি ব্যবহারকারীদের ফোন নম্বর ও নিখুঁত অবস্থানও ট্র্যাক করত প্রতিষ্ঠানটি।

গবেষণায় দেখা গেছে, ফিলিস্তিনি ভূখণ্ড, কাতারভিত্তিক আল জাজিরার ৪৫টি উইন্ডোজ ডিভাইস এবং মার্কিন পেন্টাগন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মতো সংবেদনশীল নেটওয়ার্কে প্রতিদিন অন্তত ১ কোটি ক্ষতিকর বিজ্ঞাপন পাঠাত ডিসকভার-টেক।

আন্তর্জাতিক রাজনীতি ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে মার্কিন সরকারের কালো তালিকাভুক্ত স্পাইওয়্যার 'ক্যান্ডিরু'র সাথে যুক্ত হয়ে কোটি কোটি মানুষের ওপর গোপন নজরদারি চালিয়ে আসছিল সংস্থাটি।

সিটিজেন ল্যাবের জ্যেষ্ঠ গবেষক উলফি ক্রিস্টল একে বিশ্ব নিরাপত্তার জন্য সরাসরি 'পরিকল্পিত হুমকি' বলে আখ্যা দিয়েছেন।

এই চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পরপরই কঠোর ব্যবস্থা নিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তাদের বিজ্ঞাপনী নীতিমালা ভঙ্গের দায়ে ডিসকভার-টেককে চিরতরে নিষিদ্ধ করেছে।

কমকাস্টের অ্যাড-টেক প্রতিষ্ঠান ‘বিজওয়াক্স’ তাদের প্ল্যাটফর্ম থেকে স্রেফ খেদিয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠানটিকে। পাশাপাশি ইউরোপীয় সংস্থা ‘আইএবি ইউরোপ’ ডিসকভার-টেককে বিশ্বব্যাপী অনুমোদিত বিক্রেতাদের তালিকা থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।