...|...|...

রাজনীতি

আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:১১ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৯
Shares
আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক তৎপরতার পরিবর্তে সন্ত্রাসী কর্মকাণ্ডে শুরু করছে  বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তার দাবি, দলটি যেভাবে ক্ষমতা হারিয়েছিল, একই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আবারও ফিরে আসার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে  তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

আওয়ামী লীগের চার নেতার সীমান্ত এলাকায় গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, এটি একধরনের ‘ব্লাফ পলিটিক্স’। ওই নেতাদের নিজ নিজ এলাকায় কোনো রাজনৈতিক আন্দোলন দেখা যায়নি। মূলত দলের অভ্যন্তরে নিজেদের গুরুত্ব ধরে রাখতেই তারা সীমান্ত এলাকায় গিয়েছিলেন ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। এ ক্ষেত্রে কোনো অগ্রহণযোগ্য দাবি সরকার বিবেচনা করবে না। ভারতে শেখ হাসিনার অবস্থানের আইনি ভিত্তি সম্পর্কে বাংলাদেশ সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তথ্যমন্ত্রীর ভাষ্য, শেখ হাসিনা সেখানে রাজনৈতিক আশ্রয়ে, পর্যটন ভিসায় নাকি অন্য কোনো ব্যবস্থায় রয়েছেন, তা সরকারের জানা নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ও রায় রয়েছে। দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকার আইনি প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনতে চাইলেও শেখ হাসিনার পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে দলটি মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। সরকারের ইতিবাচক উদ্যোগ থেকে জনসাধারণের মনোযোগ সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, এ দেশে হিন্দু ও মুসলমান দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করছেন। তবে ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের ধর্মীয় বিষয়গুলো ব্যবহার করছে।

ভারতের পররাষ্ট্রনীতি নিয়েও সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তার মতে, প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের অবনতির পেছনে দেশটির কূটনৈতিক নীতির ভূমিকা রয়েছে। ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।এ সময় বিশ্বব্যাপী ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন আন্দালিভ রহমান। তিনি বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বর্তমানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে কাজ করছেন। পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় না ।