...|...|...

ক্যাম্পাস

চবির আমানত হলে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৬
Shares
চবির আমানত হলে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ব্যাডমিন্টন খেলার সময় নির্ধারণকে কেন্দ্র করে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী চোখে গুরুতর আঘাত পেয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এক শিক্ষার্থীকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাতে হল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম ইসরাফিল রাব্বি। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা যায়, শাহ আমানত হলে ব্যাডমিন্টন খেলার সময় নির্ধারণ নিয়ে অভিযুক্ত শিক্ষার্থী ও অন্য শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাত ১২টা পর্যন্ত খেলার সময় নির্ধারিত থাকলেও এর পরও অনেক শিক্ষার্থী খেলতেন। তবে নির্ধারিত সময় পার হওয়ায় রুবেল রানা তাদের খেলতে দিতে রাজি হননি। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি ও পরে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে একজন শিক্ষার্থী চোখে আঘাত পান। পরে অভিযুক্ত রুবেল রানাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

হল সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহসান মুজাহিদ বলেন, ‘খেলার সময়কে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। প্রায় এক মাস আগে তাদের মধ্যে একটি ঝামেলা হয়েছিল, যার জেরে গতকাল রাতে গ্রুপে কথা-কাটাকাটি হয়। সে মাঠে গেলে খেলা যাবে না জানানো হয়। এরপর পূর্বের দ্বন্দ্বের জেরে কথা-কাটাকাটি থেকে হালকা ধাক্কাধাক্কি এবং একপর্যায়ে মারামারি শুরু হয়।’

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান বলেন, ‘ছোটোখাটো আহত অবস্থায় চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। আর যিনি চোখে আঘাত পেয়েছেন, তাকে চট্টগ্রামে রেফার করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও এসেছিলেন। তিনি সম্ভবত পড়ে গিয়েছিলেন। পরে তাকে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, ‘এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। অভিযুক্তকে হাটহাজারী থানা পুলিশ নিয়ে গেছে। তবে এখনো মামলা হয়নি। ঘটনা সূত্রপাত যতটুকু জানতে পেরেছি, খেলাকে নিয়ে হয়েছে।’

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ‘একজনকে থানায় আনা হয়েছে। বর্তমানে হাজতখানায় রয়েছেন।’ তবে এখনও কোনো মামলা করা হয়নি বলে জানান তিনি।