...|...|...

ক্যাম্পাস

জুনিয়রকে সিনিয়রের সাথে মিশতে নিষেধ করায় চুয়েটে রাতভর মারামারি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৮
Shares
জুনিয়রকে সিনিয়রের সাথে মিশতে নিষেধ করায় চুয়েটে রাতভর মারামারি

জুনিয়রকে সিনিয়রের সাথে মিশতে নিষেধ করায় চুয়েটে রাতভর মারামারি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিককে মারধর করেন কয়েকজন শিক্ষার্থী। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও কয়েক দফায় মারামারিতে জড়ান শিক্ষার্থীরা।

মারধরের শিকার সাংবাদিকের নাম মো. মিসবাহ উদ্দীন। তিনি চুয়েট সাংবাদিক সমিতির সদস্য এবং দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। সংঘর্ষের সময় ভিডিও ধারণ করছিলেন তিনি। এ সময় ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী তাকে আটকে ভিডিও করার কারণ জানতে চান। একপর্যায়ে তারা তার ওপর চড়াও হয়ে মারধর করেন।

চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে। এরপর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

সংঘর্ষে আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়েছেন। বাকি দুজন অ্যাম্বুল্যান্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সাথে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামে এক শিক্ষার্থী তাদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণ জুনিয়রদের ওই শিক্ষার্থীর সাথে দেখা না করার পরামর্শ দেন।

এ নিয়ে পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে দেখা করতে নিষেধ করার ঘটনায় ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা গেছে।

এর জেরে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একটি আলোচনায় বসেন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সভায় দুইপক্ষের শিক্ষার্থীরাই উপস্থিত ছিলেন। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়।

এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ কয়েকজন শিক্ষার্থী জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রইসুলের চশমা ভেঙে যায়। পরে প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে মারামারি হয়।

এ বিষয়ে ভৈরব বর্মণ বলেন, আমার সাথে পাঁচজন ঝামেলা করে। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. আব্দুল্লাহ কাজীরা ছিল।

তিনি আরও বলেন, শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসছিলাম। আলোচনা সুন্দর চলছিল। ওরা নিজেরা সিনক্রিয়েট করে আমার বন্ধুদের মারে। এরকম পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এ পরিস্থিতিতেই মারামারি শুরু হয়।

এ বিষয়ে রাকিন ও আব্দুল্লাহর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।