বিরোধী দল মানেই শত্রু নয়, বরং গণতন্ত্রের অপরিহার্য শর্ত হলো বিরোধী দলের অস্তিত্ব। এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে, সংবাদমাধ্যমের স্বাধীনতা থাকবে, বিচারব্যবস্থা হবে নিরপেক্ষ, প্রশাসন থাকবে দলীয় প্রভাবমুক্ত এবং রাষ্ট্রের সম্পদ ব্যয় হবে জনগণের কল্যাণে।
শনিবার (২৮ নভেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ, যে দেশ আত্মমর্যাদা, জাতীয় স্বার্থ, জাতীয় ঐক্য এবং স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত্তিতে নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।’
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। কিন্তু তৎকালীন রাষ্ট্রীয় নেতৃত্বের নানা ব্যর্থতা ও কর্মকাণ্ডের কারণে দেশ রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে। প্রকৃতপক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের জনগণ স্বাধীনতার স্বাদ পেয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
উপাচার্য আরও বলেন, ‘আজ আমরা হাজির হয়েছি একটি ঐতিহাসিক দিনকে স্মরণ করতে। এই দিনটি শুধু বাংলাদেশের সামরিক বা রাজনৈতিক ইতিহাসের একটি ঘটনা নয়; বরং এটি স্বাধীনতার পরবর্তী রাষ্ট্রের অস্তিত্ব, জাতীয় পরিচয়, রাজনৈতিক ক্ষমতার বৈধতা, সামরিক-বেসামরিক সম্পর্ক এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রদর্শনের সঙ্গে গভীরভাবে জড়িত।’
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সংকটকালীন পরিস্থিতিতে সামরিক বাহিনীর অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের অবসান এবং বন্দিদশা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তি এ দিনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ ছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।


