...|...|...

সারাদেশ

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৬
Shares
ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

ছবি: টাইমস টুডে

বরগুনার আমতলীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে ছেলে রাহাত মিয়াকে এফিডেভিটের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছেন তার বাবা ইদ্রিস মৃধা। রাহাত আমতলী উপজেলার ওয়াপদা সড়ক এলাকার ইদ্রিস মৃধার ছেলে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আমতলীর নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ছেলে রাহাত মিয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন ইদ্রিস মৃধা। বিষয়টি আজ (২৯ নভেম্বর) জানাজানি হলে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এফিডেভিট সূত্রে জানা যায়, ইদ্রিস মৃধার মেজ ছেলে রাহাত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বাবা ইদ্রিস বারবার তাকে রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না হওয়ার জন্য নিষেধ করলেও রাহাত তার কথা শোনেননি। উল্টো তিনি বাবা ইদ্রিসের ওপর ক্ষিপ্ত হন। এ কারণে ছেলে রাহাত মিয়ার সাথে সব ধরনের সামাজিক ও পারিবারিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে এফিডেভিট করেন তিনি।

এ বিষয়ে ইদ্রিস মৃধা বলেন, আমি রাজনীতি করিনি। ছেলেকে বলেছি এসব না করতে। ও আমার কথা শোনে না। ওর জন্য আমার অনেক হয়রানির শিকার হতে হয়েছে। ও কারও কোনো কথার তোয়াক্কা করে না। নিজের খেয়ালখুশিমতো চলে। তাই আমি আমার বাকি জীবনের ভবিষ্যৎ চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মেজ ছেলে রাহাত মৃধার সাথে কোনো যোগাযোগ বা সম্পর্ক নাই, যা আমি অঙ্গীকারনামায় ঘোষণা করেছি।