...|...|...

ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, অফিসপাড়ায় আতঙ্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪১
Shares
ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, অফিসপাড়ায় আতঙ্ক

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা পরিষদ চত্বরের অফিসপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে কাঁচের বোতলের ভাঙা টুকরো ও দেয়ালে পোড়া দাগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ।

রবিবার (২৯ নভেম্বর) সকালে ইউএনও কার্যালয়ের নিচতলায় যুব উন্নয়ন ও সমবায় অফিসের মাঝামাঝি স্থানে বিস্ফোরণের আলামত দেখতে পান সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মচারীরা।

জিডি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অফিস ছুটির পর সমবায় অফিসের অফিস সহায়ক নাজমুল হক কচি কলাপসিবল গেট বন্ধ করে কার্যালয় ত্যাগ করেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিসগুলো বন্ধ ছিল।

রবিবার সকাল ৮টা ৫৫ মিনিটে যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার সাজেদুল করিম গেট খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় যুব উন্নয়ন ও সমবায় অফিসের মাঝামাঝি স্থানে কাঁচের বোতলের ভাঙা টুকরো পড়ে থাকতে দেখেন তিনি। পাশাপাশি দেয়ালের কিছু অংশে পোড়া ও কালো দাগ দেখতে পান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নৈশপ্রহরী মতিউর রহমান ঘটনাস্থলে এসে বিষয়টি ইউএনওকে জানান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশকে জানানো হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে যান। এ সময় পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, শুক্রবার থেকে রবিবার সকাল পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেও বিস্ফোরণের সাথে জড়িতদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। উপজেলা পরিষদ চত্বরে গ্রামপুলিশ ও তার কার্যালয়ের নৈশপ্রহরী দায়িত্ব পালন করছিলেন। তবে তারাও এ বিষয়ে কিছু টের পাননি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।