রাজধানীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ছয়টি পেট্রোলবোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মো. মাহির ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের শাহিন নামে দুই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিল হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহির স্বীকার করেছেন, সরকারি স্থাপনা, থানা, ডিসি কার্যালয় ও ঢাকেশ্বরী মন্দিরসহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তার। এ ঘটনায় আরও কারা জড়িত এবং হামলার পরিকল্পনার পেছনে কারা রয়েছে, তা জানতে তদন্ত চলছে।


