পাইপলাইনে লিকেজের কারণে রাজধানী ঢাকার আশপাশের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে দক্ষিণ কেরানীগঞ্জসহ কয়েকটি এলাকার গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরানীগঞ্জের কালিবাড়ী রোড ও চুনকুটিয়া এলাকায় পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করার কারণে লিকেজের সৃষ্টি হয়েছে। এ লিকেজ মেরামতের কাজ চলমান থাকায় দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
মেরামতকাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব উল্লেখিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।


