দুই যুগেরও বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন সুমাইয়া শিমু। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরলেও বড় পর্দায় দেখা যায়নি তাকে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কাজী আসাদ পরিচালিত ‘যাত্রা বিরতি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে এই অভিনেত্রীর। এতে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
ক্যারিয়ারের বিভিন্ন সময়ে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সুমাইয়া শিমু। তবে কখনো গল্প পছন্দ না হওয়ায়, আবার কখনো অন্য কারণে বড় পর্দায় কাজ করা হয়ে ওঠেনি। এবার ‘যাত্রা বিরতি’র গল্প ও চরিত্র তাকে সেই সিদ্ধান্ত বদলাতে উৎসাহিত করেছে।
সিনেমায় যুক্ত হওয়ার প্রসঙ্গে সুমাইয়া শিমু জানান, অভিনয়ের ক্ষেত্রে বরাবরই গল্প ও চরিত্রকে প্রাধান্য দিয়েছেন তিনি। শুধু প্রস্তাব পেলেই কোনো কাজে যুক্ত হতে হবে, এমন চিন্তা কখনো করেননি। ‘যাত্রা বিরতি’র চিত্রনাট্য পড়ার পর গল্পটি তার ভালো লেগেছে। পাশাপাশি চরিত্রটিতেও অভিনয়ের সুযোগ রয়েছে বলে মনে হয়েছে। মূলত এ কারণেই সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সুমাইয়া শিমু আরও জানান, একটি গল্প তাকে কতটা আকৃষ্ট করছে এবং সেখানে নিজেকে মেলে ধরার কতটা সুযোগ রয়েছে, সেসব বিষয় বিবেচনা করেই কাজ বেছে নেন। ‘যাত্রা বিরতি’র গল্পটি দর্শকের কাছে পৌঁছানো প্রয়োজন বলেও মনে করেন এই অভিনেত্রী।
টেলিভিশন নাটকে এর আগে বহুবার মোশাররফ করিমের সাথে জুটি বেঁধেছেন সুমাইয়া শিমু। তবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে এবারই প্রথম একসাথে অভিনয় করছেন তারা।
গত ১৯ নভেম্বর শুরু হয়েছে ‘যাত্রা বিরতি’র দৃশ্যধারণ। বর্তমানে বরিশালে সিনেমাটির শুটিং করছেন সুমাইয়া শিমু। সেখানকার কাজ শেষ হলে কুয়াকাটায় যাবে শুটিং ইউনিট। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত টানা দৃশ্যধারণ শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে শিল্পী ও কলাকুশলীদের।


