...|...|...

বিশ্ব

‘রিপাবলিক বাংলা’ ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, রাত ১০:২৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫৩
Shares
‘রিপাবলিক বাংলা’ ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন

সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তবে ঠিক কী কারণে তিনি চ্যানেলটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ময়ূখ রঞ্জন। তিনি জানিয়েছেন, বুধবার সকালেই ‘রিপাবলিক বাংলা’য় তার শেষ কর্মদিবস ছিল।

নিজের ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন লেখেন, “হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম।”

চ্যানেল ছাড়ার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি বলেও জানান তিনি। ময়ূখ লেখেন, “সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে।”

নিজের সাংবাদিকতার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, তার কাজ হলো গণজ্ঞাপন করা। তিনি লেখেন, “রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া।”

তবে বিদায়ের কারণ নিয়ে বিস্তারিত না জানিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন, এ বিষয়ে পরে আরও কথা বলবেন। তিনি লেখেন, “পরিষ্কার হলো না তো? বেশ তাহলে কাল আরও বিস্তারিত লিখব।”

রিপাবলিক বাংলা ছাড়ার পর দর্শকদের প্রতিক্রিয়া নিয়েও নিজের অনুভূতির কথা জানান ময়ূখ। তিনি লেখেন, “আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে।”

পরবর্তী পরিকল্পনা প্রসঙ্গে আরেকটি পোস্টে তিনি জানান, কিছু সময় বিরতি নিয়ে ভ্রমণে যাবেন। এরপর কিছুটা দূরত্ব ও আত্মবিশ্লেষণের পর আবারও ফিরবেন বলেও জানান তিনি।

ময়ূখ লেখেন, “এরপর, কিছুটা দূরত্ব এবং কিছুটা ভাবনার পর, ময়ূখ ফিরবে। হয়তো সফল হয়ে। হয়তো ক্ষত-বিক্ষত হয়ে। হয়তো আরও জ্ঞানী হয়ে। কিন্তু কখনো মুছে গিয়ে নয়।”