যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাত ইরানের সীমানা ছাড়িয়ে পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে বলে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কোর (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বির দাবি, এই সংঘাত শুধু সামরিক লড়াই নয়; বরং ইরানের জাতীয় পরিচয়, সংস্কৃতি, ধর্ম ও সভ্যতার অস্তিত্বের সাথেও জড়িত।
সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে জানায়, শনিবার (২৪ অক্টোবর) দেওয়া বক্তব্যে মোহেব্বি ইরানের জনগণকে জাতীয় ঐক্য বজায় রাখা এবং নিজেদের সক্ষমতার ওপর আস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন, ইরান এই ‘মহাপ্রলয়ঙ্করী যুদ্ধে’ চূড়ান্ত বিজয় অর্জন করবে এবং বৈশ্বিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে।
আইআরজিসির মুখপাত্রের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জাতীয় পরিচয় ও সংস্কৃতি দুর্বল করে দেশটিকে খণ্ডিত করতে চায়। এ পরিস্থিতিতে ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় ও ধর্মীয় পরিচয় রক্ষা করা জনগণের অন্যতম প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
মোহেব্বি আরও বলেন, শত্রুপক্ষের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ ও ঐক্য ইরানকে বর্তমান সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে। এ সময় তিনি দেশের সামগ্রিক প্রতিরক্ষা জোরদারের ওপর গুরুত্ব দেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলার পরিকল্পনা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনার কথা উল্লেখ করা হলেও এসব পরিকল্পনা এবং এমওএবি বোমা ব্যবহারের সম্ভাবনা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।


