পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষের ইতিবাচক ভূমিকা এবং অবদানকে স্বীকৃতি জানাতে বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’ বা ‘ভবিষ্যৎ সবার’।
নারী ও পুরুষের সম্মিলিত অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা এবং প্রকৃত লিঙ্গসমতাভিত্তিক সমাজ গঠনের বার্তা নিয়ে এবারের প্রতিপাদ্যটি সাজানো হয়েছে। প্রতিষ্ঠার ২৮তম বছরে পদার্পণ করা এই দিবসটি বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ৮০টিরও বেশি দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে।
১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ড. জেরোম তিলাকসিংয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পুরুষ দিবসের যাত্রা শুরু হয়। সমাজে ইতিবাচক রোল মডেল তুলে ধরা, পুরুষ ও ছেলে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করাই দিবসটি পালনের মূল লক্ষ্য।
দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুরুষদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, কর্মক্ষেত্রে চাপ মোকাবিলা এবং পরিবারে বাবা, ভাই, স্বামী ও সহকর্মীদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে নানা কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে

