...|...|...

লাইফস্টাইল

বিশ্ব শৌচালয় দিবস আজ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:১১
Shares
বিশ্ব শৌচালয় দিবস আজ

ছবি: সংগৃহীত

বিশ্ব শৌচালয় দিবস আজ। সুস্বাস্থ্যের জন্য বাড়িতে ও কর্মস্থলে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ শৌচালয় ব্যবস্থা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যসম্মত জীবনযাপনে প্রতিটি মানুষেরই চাই ভালো শৌচালয়। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যা এড়িয়ে চলার কোনো সুযোগ কারোরই নেই।

প্রতি বছর ১৯ নভেম্বর পালিত হয় বিশ্ব শৌচালয় দিবস। টয়লেট ঘরের প্রয়োজনীয় অংশ। এটি যে কতটা জরুরি, তা সকালে প্রয়োজনের সময় বাথরুম খালি না থাকলে হাড়ে হাড়ে টের পাওয়া যায়। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ শৌচালয়, সমান ভবিষ্যৎ’।

স্বাস্থ্যসম্মত জীবনযাপনে অনেকটাই ভূমিকা রাখে একটি পরিচ্ছন্ন শৌচাগার; কিন্তু বিশ্বের অনেক দেশ এই ব্যাপারে পিছিয়ে। জাতিসংঘের সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অনুযায়ী ২০৩০ খ্রিষ্টাব্দের মধ্যে সারা বিশ্বে সবার জন্য পরিচ্ছন্ন শৌচাগার থাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শতভাগ শৌচালয় সুবিধা নিশ্চিতকরণের বিষয়টি মাথায় রেখে ২০০১ খ্রিষ্টাব্দে প্রথম টয়লেট দিবসের উদযাপন হয়। বিশ্বের অনেক দেশই শৌচালয়ের পরিচ্ছন্নতার ব্যাপারে পিছিয়ে রয়েছে। বিশেষ করে অল্প আয়ের দেশগুলোতে এই সমস্যা বেশি। মানুষের স্বাস্থ্য ভালো রাখতে শৌচালয় বা টয়লেটের ভূমিকা অনেক। খোলা জায়গায় এবং সঠিক পদ্ধতি না মেনে শৌচ করলে নানারকম রোগ ছড়ায়।

একটি উদ্বেগজনক ব্যাপার হচ্ছে, রাজধানীর বিভিন্ন হাসপাতালে পর্যাপ্তসংখ্যক টয়লেট বা শৌচালয় নেই। যেগুলো আছে, সেগুলো অস্বাস্থ্যকর। এতে রোগী ও তাদের স্বজনদের, বিশেষ করে নারীদের এসব শৌচালয় ব্যবহারে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। একটা সময় ঘর থেকে দূরে টয়লেট নির্মাণের প্রথা ছিল। এখন সেই দিন পাল্টেছে।