বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। বর্তমানে চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হতে পারে।
তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর।
এবারের নিয়োগপ্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। প্রথমবারের মতো শুধু যোগ্যতা যাচাইয়ের জন্য নিবন্ধন পরীক্ষা না নিয়ে পরীক্ষার মাধ্যমে সরাসরি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ কারণে আগের ধারাবাহিকতায় এটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয়ে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে বিবেচিত হবে।
সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। এর প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ বিরতি পেরিয়ে নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজনের পরিকল্পনা করছে এনটিআরসিএ।


