বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক বদলি কার্যক্রম শুরুর পর ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, প্রথম ধাপে বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা হবে। এরপর ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তিনি জানান, বৈঠকে শিক্ষামন্ত্রী এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিতে এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা কার্যক্রম শুরু করার পরামর্শ দিয়েছেন।
এ ছাড়া ভুল চাহিদার কারণে যেসব শিক্ষক সুপারিশ পেয়েছেন, তাদের প্রতিস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

