২৫ দিনের সড়ক অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি।
পর্যটকদের আনাগোনা বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে পুরো পর্যটন অর্থনীতি। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। আয়-রোজগার হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন হোটেল-রিসোর্ট মালিক, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহনকর্মীসহ পর্যটন খাতের সাথে যুক্ত হাজারো মানুষ।
একসময় পর্যটকদের পদচারণ, গাড়ির ব্যস্ততা আর কটেজ-রিসোর্টের কর্মচাঞ্চল্যে মুখর থাকত সাজেক। কিন্তু টানা অবরোধে সেই চিত্র বদলে গেছে। এখন পর্যটনকেন্দ্রটির সড়ক, বাজার ও আশপাশের এলাকাজুড়ে বিরাজ করছে নীরবতা। স্থানীয় হাটবাজারেও কমেছে মানুষের আনাগোনা।
পর্যটক না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পর্যটননির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরা। পরিবহন, খাবারের হোটেল, চায়ের দোকান, স্থানীয় পণ্য বিক্রির দোকানসহ বিভিন্ন ব্যবসায় বেচাকেনা প্রায় বন্ধ। পর্যটকদের কাছে স্থানীয় কৃষিপণ্য ও অন্যান্য সামগ্রী বিক্রি করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন উৎপাদক ও বিক্রেতারাও।
দীর্ঘদিন ধরে কটেজ ও রিসোর্ট বন্ধ থাকায় বড় বিনিয়োগকারীদেরও লোকসান গুনতে হচ্ছে। বাতিল হচ্ছে একের পর এক বুকিং। গ্রাহকদের অগ্রিম টাকা ফেরত দেওয়া, কর্মীদের বেতন পরিশোধ এবং ব্যাংক ও ব্যক্তিগত ঋণের কিস্তি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, অবরোধ দীর্ঘায়িত হলে সাজেকের পর্যটন ব্যবসা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে।
স্থানীয় কয়েকটি সূত্রের অভিযোগ, সাজেক থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ কয়েকটি দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ব্যানারে অবরোধ চলছে। তবে এ কর্মসূচির নেপথ্যে ইউপিডিএফের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন সূত্রগুলো।
অবরোধ শুরুর পর থেকে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার পাশাপাশি বিভিন্নভাবে সতর্ক ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া নিরাপত্তা বাহিনী ও পর্যটকদের ওপর হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় অনেকেই সাজেক ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন।
স্থানীয়দের মতে, সাজেক ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস ও ইউপিডিএফের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে সংঘাত ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ছাড়া চাঁদাবাজি, অপহরণ এবং সাধারণ মানুষকে জিম্মি করে রাখার মতো অভিযোগও রয়েছে সংগঠন দুটির বিরুদ্ধে। এসব ঘটনায় স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে সাজেকের পর্যটনশিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিনের বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনা হারানোর আশঙ্কায় রয়েছেন উদ্যোক্তারা। অবরোধ অব্যাহত থাকলে পর্যটন ব্যবসার পাশাপাশি স্থানীয় কৃষক, শ্রমজীবী ও ক্ষুদ্র উদ্যোক্তারাও দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের মতে, সাজেকের পর্যটনশিল্প পুনরুজ্জীবিত করতে হলে পাহাড়ে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য আঞ্চলিক সংঘাত নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটকদের নির্বিঘ্নে যাতায়াতের পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


