...|...|...

খেলা

২০৯৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা আর্জেন্টাইন স্ট্রাইকারের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৯
Shares
২০৯৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা আর্জেন্টাইন স্ট্রাইকারের

ছবি: সংগৃহীত

মাঠের বাইরে নতুন ঝামেলায় পড়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। ক্লাবহীন অবস্থায় থাকা এই ফুটবলার এবার গাড়ি চালানোয় নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। ট্রাফিক আইন লঙ্ঘন এবং মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এর বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে ঘটনাটি সামনে আসে। ইকার্দির প্রেমিকার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। ভিডিওতে একাধিক ট্রাফিক নিয়ম ভঙ্গের দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে সিটবেল্ট না পরেই শরীরের অর্ধেকের বেশি অংশ জানালা দিয়ে বাইরে বের করে রেখেছেন সুয়ারেজ। ওই সময় গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন ইকার্দি। পরবর্তী সময়ে জানা যায়, তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গেছে।

বুয়েনস আয়ার্সের পরিবহন মন্ত্রণালয় ইকার্দির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দিয়েছে। বুয়েনস আয়ার্স প্রদেশের ‘প্রাদেশিক আইন ১৩৯২৭’ অনুযায়ী সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রতীকীভাবে ১ জানুয়ারি ২০৯৯ সাল পর্যন্ত তার গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অপরাধের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স বাতিলের বিধান রয়েছে। ফলে লাইসেন্স ফিরে পেতে ইকার্দিকে নতুন করে প্রয়োজনীয় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানোর জন্য তার শারীরিক ও মানসিক যোগ্যতা মূল্যায়ন করতে হবে। সড়ক নিরাপত্তার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’

এদিকে ফুটবল ক্যারিয়ারেও সময়টা খুব একটা স্বস্তির যাচ্ছে না ইকার্দির। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে তিনি ক্লাবহীন। নতুন মৌসুমে কোন ক্লাবে যোগ দেবেন, তা এখনো নিশ্চিত নয়।

কাতার, মেক্সিকো ও আর্জেন্টিনার কয়েকটি ক্লাবের সাথে ইকার্দির সম্ভাব্য যোগসূত্র নিয়ে আলোচনা থাকলেও এখন পর্যন্ত কোনো দলের সাথে আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছাতে পারেননি এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফলে মাঠের বাইরে নিষেধাজ্ঞা এবং মাঠের ভবিষ্যৎ দুই দিকেই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি।