...|...|...

সারাদেশ

১৩ অক্টোবরের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, রাত ১:৫১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, রাত ১:৫৫
Shares
১৩ অক্টোবরের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

রাঙ্গামাটির বাঘাইহাট আর্মি ক্যাম্পে পর্যটকদের বহন করা গাড়ি। ছবি: টাইমস টুডে

অনিবার্য কারণ দেখিয়ে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারবেন না। একই সাথে বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে নিরাপদে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তির স্মারক নম্বর ০৫.৪২.৮৪০০.০০০.৪০২.১৮.০০১০.২৬-১১৪০।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে নতুন করে পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে পর্যটক প্রবেশ বন্ধের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। স্থানীয় পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ অবস্থায় সাজেক ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেখানে যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে।