...|...|...

খেলা

১১ মিনিটের ঝলকে ইতালিকে উড়িয়ে শেষ আটে বেলজিয়াম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৬:৪৬
Shares
১১ মিনিটের ঝলকে ইতালিকে উড়িয়ে শেষ আটে বেলজিয়াম

ছবি: সংগৃহীত

শুরুতে পিছিয়ে পড়েও মাত্র ১১ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। শেষ পর্যন্ত ইতালিকে ৪-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। অন্যদিকে তুরস্ককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে ফ্রান্স।

রবিবার ব্রাসেলসে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ভালোই করেছিল ইতালি। ১১ মিনিটে ফ্রান্সেসকো পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় তারা। জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচে এটি তার দশম গোল।

তবে ইতালির সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরান ম্যাক্সিম ডি কুইপার। সাত মিনিট পর ফিরতি বল থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন নাথান এনগয়ে। জাতীয় দলের জার্সিতে এটি তার প্রথম গোল।

এরপর ২৬ মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে ব্যবধান ৩-১ করেন জেরেমি ডোকু। ইতালির একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে পরাস্ত করেন তিনি। মাত্র ১১ মিনিটে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বেলজিয়াম।

বিরতির পর ব্যবধান কমাতে আক্রমণ চালায় ইতালি। তবে তাদের কোনো প্রচেষ্টাই সফল হয়নি। বরং ৮০ মিনিটে ডি ব্রুইনার পাস থেকে গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন দিয়েগো মোরেইরা।

ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি ইতালি। ফ্রান্সেসকো পিও এসপোসিতোর নেওয়া শট আটকে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সেন লামেনস।

এই জয়ে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ এ১-এর দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইতালি।

এদিকে বোর্দোয় তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। ম্যাচের ৪৯ মিনিটে এমিরহান তোপচুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফরাসিরা। ৮০ মিনিটে এলি জুনিয়র ক্রুপির গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

যোগ করা সময়ের প্রথম মিনিটে আবদুলকেরিম বারদাকজির গোলে ব্যবধান কমায় তুরস্ক। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।

ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে বেলজিয়াম। আর ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ইতালি।