সৌদি আরবের জাজান প্রদেশের একটি তেল শোধনাগারে হামলায় এক নেপালি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার জন্য ইরান-সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোট।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলের দিকে জাজানের ওই তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটে।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আকাশপথে আসা একটি প্রজেক্টাইলের আঘাতে শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর সেখানে আগুন ধরে যায় এবং কিছু সময়ের জন্য শোধনাগারের কার্যক্রম বন্ধ রাখতে হয়।
আহত কর্মীর সংখ্যা প্রকাশ করেনি জ্বালানি মন্ত্রণালয়। তবে তারা জানিয়েছে, আহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার পরপরই জরুরি ও কারিগরি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজ শুরু করে।
একই দিনে কুয়েতের একটি স্থাপনাতেও ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে দুই ইতালীয় নাগরিক নিহত হন। ওই হামলার জন্য ইরানকে দায়ী করা হলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
এদিকে সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোট জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেনের হোদেইদাহ বন্দরে অভিযান চালিয়ে হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।


