মধ্যপ্রাচ্যে চরম সামরিক উত্তেজনা ও হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ স্থানীয় কর্তৃপক্ষের সব নির্দেশ মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কিত যেকোনো স্পর্শকাতর তথ্য, ছবি কিংবা ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইউটিউব, এক্স ইত্যাদি) পোস্ট করা, মোবাইল ফোনে সংরক্ষণ করা বা অন্য কারও সাথে শেয়ার করা স্থানীয় আইনে গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে প্রবাসীদের সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
একই সাথে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের যেকোনো জনবহুল ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি সহায়তার জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে দূতাবাসের হটলাইন নম্বরগুলো:
শ্রমসংক্রান্ত বিষয়: ৮০০১০০০১২৫ (টোল ফ্রি)
পাসপোর্ট সেবা: ৮০০১০০০১২৬ (টোল ফ্রি)
ডিপ্লোমেটিক উইং: ৮০০১০০০১২৪
মৃত্যু ও অন্যান্য জরুরি সহায়তা: +৯৬৬৫৭০২১২১৮০
যেকোনো পরিস্থিতির হালনাগাদ তথ্যের জন্য প্রবাসীদের শুধুমাত্র রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল ও ভেরিফায়েড পেজ অনুসরণ করতে বলা হয়েছে।

