...|...|...

সারাদেশ

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৬:০৬ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪১
Shares
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

ছবি: সংগৃহীত

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরুর আগের রাতেই কর্মসূচি স্থগিত করেছেন পরিবহন শ্রমিক নেতারা। প্রশাসনের আশ্বাসে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সাথে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলাজুড়ে স্বাভাবিক নিয়মে চলবে সব ধরনের গণপরিবহন।

রবিবার (১৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।

তিনি জানান, সোমবার সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। প্রশাসনের দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে সর্বস্তরের পরিবহন স্বাভাবিকভাবে চলাচল নিশ্চিত করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিতে শ্রমিক নেতাদের সাথে পুলিশের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট নেতারা।

পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে বৈঠকে অংশ নেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজনসহ সংগঠনের শীর্ষ নেতারা।

এর আগে তিন দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে ছিল নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা করা এবং নগরীতে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধ করা।

গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ধর্মঘটের ঘোষণা ঘিরে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। সংগঠনগুলোর একাংশ ধর্মঘটের পক্ষে অবস্থান নিলেও অন্য একটি অংশ এর বিরোধিতা করে।