...|...|...

খেলা

সিরিজ জয়ের আনন্দের মধ্যেই ধাক্কা, ভারতকে বড় শাস্তি দিল আইসিসি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৬
Shares
সিরিজ জয়ের আনন্দের মধ্যেই ধাক্কা, ভারতকে বড় শাস্তি দিল আইসিসি

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পরও স্বস্তিতে নেই ভারতীয় ক্রিকেটাররা। শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে সাত ওভার কম বল করায় এই শাস্তি পেয়েছে ভারত।

১৫ নভেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে এ ঘটনা ঘটে। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে সাত ওভার পিছিয়ে ছিল শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার পরিমাণ ম্যাচ ফির ৫০ শতাংশ। সেই নিয়ম অনুযায়ী, সাত ওভার পিছিয়ে থাকায় ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

ভারতের ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস আইয়ার নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন তিনি। ফলে এ বিষয়ে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ভারতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার পল রাইফেল ও ওয়েইন নাইটস। এ ছাড়া তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউনও অভিযোগের সাথে যুক্ত ছিলেন।

স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়লেও মাঠের লড়াইয়ে অবশ্য সফল হয়েছে ভারত। শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের করে নেয় সফরকারীরা। তবে সিরিজ জয়ের পর এবার নিয়ম ভাঙার দায়ে আর্থিক শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটাররা।