...|...|...

খেলা

পর্ন তারকাকে ঘিরে বিতর্ক, সমর্থকদের চাপে স্পন্সর ছাড়ল লেস্টার সিটি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:০০
Shares
পর্ন তারকাকে ঘিরে বিতর্ক, সমর্থকদের চাপে স্পন্সর ছাড়ল লেস্টার সিটি

ছবি: সংগৃহীত

পর্ন অভিনেত্রীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করায় সমর্থকদের তীব্র সমালোচনার মুখে স্পন্সর প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে ইংলিশ ক্লাব লেস্টার সিটি। জুয়া প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক অংশীদারত্ব নিয়ে আপত্তি এবং প্রতিষ্ঠানটির নতুন নিয়োগ ঘিরে বিতর্কের জেরে এ সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে স্পন্সরশিপ চুক্তির অবসান।

লেস্টার সিটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাবটি। জুয়া প্রতিষ্ঠান বিসি গেমের সাথে ২০২৪-২৫ মৌসুমের শুরু থেকে স্পন্সরশিপ চুক্তি ছিল ক্লাবটির। তবে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের বাণিজ্যিক অগ্রাধিকারে ভিন্নতা দেখা দেওয়ায় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি শেষ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে লেস্টার।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘লেস্টার সিটি ফুটবল ক্লাব ও বিসি গেম পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমাদের বাণিজ্যিক অংশীদারত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। সেখানে ভবিষ্যৎ বাণিজ্যিক অগ্রাধিকারের ক্ষেত্রে আমাদের ভিন্ন অবস্থান স্পষ্ট হয়েছে।’

চলতি মাসের শুরুতে রাশিয়ার পর্ন অভিনেত্রী ইভা এলফিকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয় বিসি গেম। এরপরই লেস্টারের স্পন্সর প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক নিয়ে আপত্তি জানায় সমর্থকদের সংগঠন ফক্সেস ট্রাস্ট সাপোর্টার্স গ্রুপ।

গত ৪ নভেম্বর এক বিবৃতিতে সংগঠনটি জানায়, জুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে স্পন্সরশিপ নেওয়ার সিদ্ধান্তের পর থেকেই ক্লাবের মূল্যবোধ থেকে সরে আসার বিষয়টি তাদের কাছে স্পষ্ট হয়েছে।

সমর্থকদের সংগঠনটির ভাষ্য, জুয়া ও পর্নোগ্রাফি দুটিই মানুষের জীবনে, বিশেষ করে তরুণদের ওপর ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ধরনের অংশীদারত্বের মাধ্যমে বিষয় দুটি আরও বড় পরিসরের মানুষের কাছে পৌঁছায় এবং এর সাথে লেস্টার সিটির নামও জড়িয়ে যায়। বিবৃতিতে তারা প্রশ্ন তোলে, ‘এখন কি এটাই আমাদের পরিচয়?’

উল্লেখ্য, ২০১৫-১৬ মৌসুমে সবাইকে চমকে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল লেস্টার সিটি। তবে পরপর দুই মৌসুমে অবনমনের পর বর্তমানে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে।