নওগাঁর মান্দা উপজেলার ১৬ বছরের কিশোর সিয়ামের দিন কাটার কথা ছিল খেলাধুলা, পড়াশোনা আর বন্ধুদের সাথে আড্ডায়। কিন্তু অভাবের সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে অল্প বয়সেই জীবিকার জন্য ভ্যান চালানো শুরু করে সে। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল সিয়াম। এরপর আর ফেরেনি। এক দিন পর শুক্রবার সকালে গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার ভ্যানগাড়ি ও মোবাইল ফোনের সন্ধান মেলেনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দুডাঙ্গী-কালিগ্রাম এলাকার একটি বাঁশঝাড়ে সিয়ামের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক নারী। পরে বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত সিয়াম উপজেলার চকউমেদ গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম পেশায় ভ্যানচালক ছিল। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে প্রতিদিনের মতো ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় সে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
পরদিন সকালে দুডাঙ্গী-কালিগ্রাম এলাকার বাঁশঝাড়ে তার লাশ পড়ে থাকতে দেখেন এক নারী। পরে তিনি এলাকাবাসীকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা সিয়ামকে হত্যা করে তার ভ্যানগাড়ি ও মোবাইল ফোন নিয়ে গেছে। তবে তার শরীরে দৃশ্যমান উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মান্দা থানার ওসি আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ সেখানে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


