...|...|...

জাতীয়

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: উপদেষ্টা জাহেদ

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, দুপুর ২:০৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৪০
Shares
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: উপদেষ্টা জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যম যেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আদালতের এই আদেশ অমান্য করলে সরকার প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। 

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে ধরে-বেঁধে আনতে চায়। তার সব আইনগত অধিকার নিশ্চিত করা হবে এবং আদালতের রায় সরকার মেনে নেবে।

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য কেবল আস্ফালন, বাস্তবে তা করার সক্ষমতা তার নেই। একইসাথে সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারতসহ সব দেশের সাথে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে চলছে এবং এ বিষয়ে কোনো ভূরাজনৈতিক সমস্যায় নেই।

তসলিমা নাসরিন প্রসঙ্গে তিনি বলেন, তাকে দেশে আনার কোনো উদ্যোগ সরকারের নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

ব্রিফিংয়ে খাদ্য ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা। তিনি জানান, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। টমেটো ও কাঁচামরিচের দামও শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে।

তিনি বলেন, ‘এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।’ গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে অল্প কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসাথে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার এবং জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।

বিদ্যুতের অতিরিক্ত বিল প্রসঙ্গে তিনি বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন।

এছাড়া তিনি জানান, আগামী ৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য ‘জুলাই শহিদ স্মৃতি জাদুঘর’ খুলে দেওয়া হবে। জাদুঘরে প্রবেশের টিকিট বড়দের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, আগামীকাল বুধবার (৫ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত নতুন ২০টি গানকে পুরস্কৃত করা হবে।