...|...|...

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ২:৪১
Shares
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী

ছবি: সংগৃহীত

পূর্ব ঘোষণা ছাড়াই গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় তিনি হুট করেই সরাসরি বিমানবন্দরে গিয়ে সেবা কার্যক্রম তদারকি করেন।

পরিদর্শনকালে মন্ত্রী রানওয়ে থেকে টার্মিনালে আসা লাগেজ বেল্ট এলাকায় যান এবং ব্যাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সাথে সরাসরি কথা বলেন। বিমান থেকে নামার পর ব্যাগ পেতে কত সময় লাগছে এবং মালামাল খালাস প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হচ্ছে কি না, যাত্রীদের কাছে তা বিস্তারিত জানতে চান তিনি।

মতবিনিময়কালে যাত্রীরা বর্তমান ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থার গতি ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। দ্রুততম সময়ের মধ্যে ব্যাগ পাওয়ার কথা মন্ত্রীকে জানান তারা।

পরিদর্শন শেষে বিমানবন্দর কর্মকর্তাদের সাথে আলাপকালে যাত্রীসেবার মান সর্বোচ্চ পর্যায়ে রাখার তাগিদ দেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে দ্রুত সময়ে টার্মিনালে ট্রলির সংখ্যা আরও বাড়ানোর কঠোর নির্দেশনা দেন তিনি। পরিদর্শনকালে বিমানবন্দরের উচ্চপদস্থ ও দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।