শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) খোলা থাকবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অফিস। তবে এদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটির মধ্যেও শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন।
বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। তবে ছুটির মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রেখে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চালু রাখতে হবে।
তারা আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখা হবে। তবে শ্রেণি কার্যক্রমের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বহাল থাকবে। ফলে শনিবার শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হবে না।
ছুটির মধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ যেন ব্যাহত না হয়, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা ফরম পূরণসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন।
এর আগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে আগামী শনিবার (১৭ অক্টোবর) শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।


