...|...|...

শিক্ষা

র‍্যাগ ডে বন্ধসহ যেসব বিষয়ে জরুরি নির্দেশনা দিল মাউশি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৩
Shares
র‍্যাগ ডে বন্ধসহ যেসব বিষয়ে জরুরি নির্দেশনা দিল মাউশি

র‍্যাগ ডে বন্ধসহ যেসব বিষয়ে জরুরি নির্দেশনা দিল মাউশি। ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং এবং র‍্যাগ ডের নামে বিশৃঙ্খলা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। পাশাপাশি শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অফিস আদেশে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তৈরি ডকুমেন্টারি ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের ব্যবস্থা করতে বলা হয়েছে। একইসাথে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং র‍্যাগ ডের নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বন্ধেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক আচরণ গড়ে তোলা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এসব কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে যেসব উদ্যোগ

শিক্ষার্থীরা যাতে রাতে পড়াশোনায় আরও মনোযোগী হতে পারে, সে জন্য নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের নির্দেশ দিয়েছে মাউশি। পাশাপাশি সভা-সেমিনার ও প্রচারণাপত্র বিতরণের মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন করতে বলা হয়েছে।

এসব কর্মসূচির মাধ্যমে মাদকবিরোধী মনোভাব তৈরি, অনাকাঙ্ক্ষিত আচরণ প্রতিরোধ এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।

২৬ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে প্রতিবেদন

মাউশির নির্দেশনা অনুযায়ী, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ আওতাধীন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করতে হবে। এতে জেলার মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, কত শতাংশ প্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের অবস্থা, অভিভাবক সমাবেশ আয়োজন এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে নেওয়া উদ্যোগের তথ্য ছক আকারে উল্লেখ করতে হবে।

প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংকলন করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে ই-মেইলে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও পড়াশোনাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মাদক, ইভটিজিং ও অন্যান্য সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা বাড়ানো এ উদ্যোগের মূল লক্ষ্য।