...|...|...

বিশ্ব

শত্রুতামূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না, ইরানকে ব্রিটেনের হুঁশিয়ারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:১৫
Shares
শত্রুতামূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না, ইরানকে ব্রিটেনের হুঁশিয়ারি

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের মাটিতে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে কোনো ধরনের ভীতি প্রদর্শন, হুমকি বা শত্রুতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে তেহরানকে স্পষ্ট বার্তা দিয়েছে লন্ডন। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যকার এক বৈঠকে এই কড়া বার্তা দেওয়া হয়।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুই মন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার গুরুত্ব এবং যুক্তরাজ্যের মাটিতে ইরান-সংযুক্ত গোষ্ঠীগুলোর হুমকি মোকাবিলায় দেশটির অটল দৃঢ়তা নিয়ে আলোচনা করেন।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের মাটিতে ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের ওপর হামলাসহ ইরান-সংযুক্ত গোষ্ঠীগুলোর যেকোনো হুমকি মোকাবিলায় যুক্তরাজ্যের অটল সংকল্পের কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন।

বিবৃতিতে আরও যোগ করা হয়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ব্রিটেন তার নিজ ভূখণ্ডে কোনো ধরনের ভীতি প্রদর্শন, হুমকি কিংবা শত্রুতামূলক কার্যকলাপ বরদাশত করবে না এবং এর জবাবে ব্রিটিশ সরকার ইতোমধ্যে যে সমস্ত কঠোর পদক্ষেপ নিয়েছে, বৈঠকে তাও তুলে ধরা হয়েছে।