লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি প্রকল্পটির উদ্বোধন করেন। পরে সেখানে আয়োজিত এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।
এর আগে সফরের অংশ হিসেবে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। পাশাপাশি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাস পরিদর্শন করেন।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে, ইনশাআল্লাহ।
এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। আপনারা স্পারসোর নাম শুনেছেন। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।
সফরসূচি অনুযায়ী, সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সন্ধ্যায় হেলিকপ্টারে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


