সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা না করে রোডমার্চ ও লং মার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর মাত্র ছয় মাসে অনেক উন্নয়নমূলক কাজ করেছে। রোডমার্চ-লং মার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের মানুষ ১৭ বছর অনেক কষ্টে ছিলেন, তারা পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। এখন আবার নতুন করে রোডমার্চ-লং মার্চ করে সমাজে অশান্তি করা হচ্ছে।
তিনি বলেন, দেশের মানুষ আপনাদের লং মার্চ-রোডমার্চ পছন্দ করে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, একটি রাজনৈতিক দল সারা জীবন মিছিল-মিটিং করবে এটা কি কাজ হতে পারে? তাদের দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন ও ধর্মীয় কাজেও যুক্ত করতে হবে।
দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কেউ যদি মাদক বা সমাজে কোনো অপকর্ম করে অশান্তির চেষ্টা করে, তবে সে যত বড়ই শক্তিশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না।
এ্যানি আরও বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করেই লক্ষ্যে পৌঁছাতে হবে। সে জন্য সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। গণতন্ত্রের ভিতকে আরো শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার এবং সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি প্রমুখ।


