...|...|...

রাজশাহী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪:০৫
Shares
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে প্রথম ইউনিটের নবম ও শেষ ইউরেনিয়ামের চালান।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি পরিবহনের নির্ধারিত ৯টি চালানের কার্যক্রম সম্পন্ন হলো।

দীর্ঘদিনের ধারাবাহিক প্রক্রিয়া শেষে পারমাণবিক জ্বালানি আমদানির এই গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হওয়ায় রূপপুর প্রকল্পের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন মাইলফলক।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে জ্বালানি পরিবহণের নির্ধারিত প্রক্রিয়া শেষ হয়েছে।

এদিকে পারমাণবিক জ্বালানির আমদানি সম্পন্ন হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রমও এগিয়ে চলছে। গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে শুরু হয়েছে। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরীক্ষা চলবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ইতিমধ্যে দুই দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং ২০২৭ সালের শুরুতে এটি পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনে যাবে। অন্যদিকে দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় সব ইউরেনিয়াম জ্বালানি দেশে চলে আসায় সেটির কমিশনিং বা চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুই দফায় মোট ৩৮ ঘণ্টার বেশি সময়ে প্রায় ৯ কোটি টাকার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে।