বলিউড তারকাদের বিলাসবহুল জীবনযাপনের আলোচনায় রণবীর সিংয়ের নাম প্রায়ই শোনা যায়। এবার নিজের গাড়ির সংগ্রহে যুক্ত করলেন দামি একটি বৈদ্যুতিক গাড়ি। বিএমডব্লিউর আই৭ মডেলের এই বিলাসবহুল সেডানের দাম দুই কোটি রুপিরও বেশি।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মুম্বাইয়ের একটি শোরুম থেকে গাড়িটির ডেলিভারি নিয়েছেন এই অভিনেতা। পরে নিজেই চালিয়ে বাড়ি ফিরেছেন তিনি। তবে আই৭-এর ঠিক কোন সংস্করণটি তিনি কিনেছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
ভারতের বাজারে ২০২৬ সালের বিএমডব্লিউ আই৭-এর এক্স-শোরুম মূল্য শুরু ১ কোটি ৯৫ লাখ রুপি থেকে। মডেল ও সংস্করণভেদে এই দাম সর্বোচ্চ ২ কোটি ৬৫ লাখ রুপি পর্যন্ত পৌঁছায়। ফলে রণবীরের নতুন গাড়ি নিয়ে ভক্তদের পাশাপাশি গাড়িপ্রেমীদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।
সম্প্রতি বিএমডব্লিউ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন রণবীর সিং। প্রায় একই সময়ে ভারতের বাজারে এসেছে প্রতিষ্ঠানটির নতুন ৭ সিরিজ ও আই৭ মডেল। অ্যাম্বাসাডর হওয়ার পরপরই তার নতুন বিএমডব্লিউ কেনার খবর সামনে আসায় বিষয়টি নিয়ে আলোচনা আরও বেড়েছে।
তবে গাড়িটি বিএমডব্লিউর পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিজের অর্থেই গাড়িটি কিনেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিলাসবহুল গাড়ির প্রতি রণবীরের আকর্ষণ নতুন নয়। অভিনয়ের পাশাপাশি পোশাক-আশাক, ফ্যাশন ও ব্যতিক্রমী জীবনযাপনের জন্যও তিনি নিয়মিত আলোচনায় থাকেন। বৈদ্যুতিক প্রযুক্তি, আধুনিক নকশা ও বিলাসবহুল সুযোগ-সুবিধার সমন্বয়ে তৈরি বিএমডব্লিউ আই৭ এখন তার ব্যক্তিগত সংগ্রহের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।


