নিজের লেখা ও সুরে গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী আপন আহসান। ভিন্নধারার গান নিয়ে বরাবরই শ্রোতাদের সামনে হাজির হন তিনি। এবার এলো তার নতুন গান ‘ভালো থেকো’।
গানটির কথা, সুর ও কণ্ঠ আপন আহসানের। সংগীতায়োজন ও সাউন্ড করেছেন মীর মাসুম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মোহাম্মদ আলী। ভিডিওতে অভিনয় করেছেন কাজী কানিজ ও দীপ্ত দে। গানটি প্রকাশ পেয়েছে গানচিল মিউজিকের ব্যানারে।
গানের ভুবনে আপন আহসানের পথচলা দীর্ঘদিনের। লক্ষ্মীপুরের সন্তান আপন ২০০২ সালে গানের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। ২০০৪ সালে সঙ্গীতার ব্যানারে তার লেখা প্রথম গান প্রকাশ পায়, শুরু হয় গীতিকার হিসেবে পথচলা। দেশের অনেক স্বনামধন্য শিল্পীর কণ্ঠে রয়েছে তার লেখা গান। তার লেখা গান টানা দুবার সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডও অর্জন করেছে।
কণ্ঠশিল্পী হিসেবে আপন আহসানের পাঁচটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি মিক্সড অ্যালবামে গান করলেও লেজার ভিশনের ব্যানারে ২০১২ সালে প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নের রোদ’। এরপর ২০১৪ সালে প্রকাশ পায় ছয় গানের অ্যালবাম ‘ভাবো আরেকবার’। ২০১৫ সালে আট গানের ‘আজানের সুর’ এবং ২০১৬ সালে নয় গানের ‘ক্ষমা করে দাও’ অ্যালবাম দুটি প্রকাশিত হয় ইউটিউব ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।
২০১৬ সালের ঈদুল ফিতরে প্রকাশিত তার ‘ঈদ মোবারক’ গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগায়। এ ছাড়া পুরোনো সিনেমার গান, বৈশাখী ও ইসলামি ধাঁচের বেশ কয়েকটি গানও শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।

