...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে থ্যাংকসগিভিং বিপর্যস্ত, বাতিল ৪০০ ফ্লাইট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৭:০৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৭
Shares
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে থ্যাংকসগিভিং বিপর্যস্ত, বাতিল ৪০০ ফ্লাইট

ছবি: সংগৃহীত

শক্তিশালী ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উদযাপন ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির লাখো মানুষের ভ্রমণ ও উৎসবের পরিকল্পনায় বড় ধরনের বিঘ্ন ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ‘নরইস্টার’ নামে পরিচিত শক্তিশালী এই ঝড়ে যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যায়। এর ফলে বছরের অন্যতম ব্যস্ত ছুটির সময়ে বিভিন্ন এলাকায় ভ্রমণ পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

ঝড়ের কারণে নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেডও স্থগিত করা হয়। আয়োজকদের হিসাবে, শতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো এই প্যারেড পিছিয়ে দেওয়া হয়েছে।

বিদ্যুৎ পরিস্থিতিও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজের তথ্যমতে, বৃহস্পতিবার ৯ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল। পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে ছিল।

বিমান চলাচলেও বড় প্রভাব পড়েছে। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৪০০ ফ্লাইট বাতিল এবং ২ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর বেশির ভাগই দেশটির পূর্বাঞ্চলে।

থ্যাংকসগিভিং উপলক্ষে পরিবারগুলো যখন একত্র হচ্ছিল, তখনই ঝড়, বিদ্যুৎ বিভ্রাট ও বিমান চলাচলে বিঘ্ন দেশটির বড় অংশে দুর্ভোগ বাড়িয়ে তোলে।